সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কেবিনেটের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে কখনোই ‘মাস্টারমাইন্ড’ বলে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন মাহফুজ আলম। তার ভাষ্য অনুযায়ী, ‘মাস্টারমাইন্ড’ শব্দটির নেতিবাচক অর্থবোধক ব্যবহার রয়েছে এবং ড. ইউনূস এ শব্দটি প্রয়োগ করেননি।
সম্প্রতি একটি অনলাইন টক-শোতে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আলোচনায় তিনি বলেন, “আমরা কি কখনো বলি যে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা বলেছিলেন আইয়ুব খান, ইয়াহিয়ারা এবং পাকিস্তানের সামরিক জান্তা। আজও একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ।”
মাহফুজ আলম জানান, ড. মুহাম্মদ ইউনূস তাকে নিয়ে দুটি মন্তব্য করেছিলেন, তবে কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি।
তিনি বলেন, “মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ। আপনি সাধারণত বলবেন ‘হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড’। ‘মাস্টারমাইন্ড’ শব্দটি প্রায় সবসময় নেতিবাচক অর্থ বহন করে। প্রফেসর ইউনূস কখনোই এই শব্দটি ব্যবহার করেননি।”
মাহফুজ আলমের দাবি, তার সম্পর্কে ড. ইউনূস ও শফিকুল আলম যে বক্তব্য দিয়েছেন, সেখানে ‘মাস্টারমাইন্ড’ নয়, বরং ‘brains behind’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল।
তার ভাষায়, “স্যার খুবই স্পষ্টভাবে ‘brains behind’ শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক বিতর্ক বা আলোচনায় এ ধরনের শব্দের ব্যবহার স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘Clinton Global Initiative Leaders Stage’ অনুষ্ঠানে অংশ নেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সেই অনুষ্ঠানে নিজের সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ড. ইউনূস কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে মাহফুজ আলমের কথা উল্লেখ করেন। পরবর্তীতে সেই বক্তব্যকে কেন্দ্র করে ‘মাস্টারমাইন্ড’ শব্দ ব্যবহারের বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়।
